অন্টারিওর স্কুলগুলিতে সহিংস ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে
প্রবাসী কণ্ঠ ডেস্ক, আগস্ট ১৫, ২০২৫: সাম্প্রতিক বছরগুলিতে অন্টারিও’র স্কুলসমূহে সহিংস ঘটনার সংখ্যা আকাশচুম্বী হয়ে উঠেছে যাকে ‘গুরুত্বপূর্ণ সংকট’ হিসাবে দেখা হচ্ছে। আর এই পরিস্থিতিতে ফোর্ড সরকারকে শিক্ষা ব্যবস্থায় আরও বেশি অর্থ ব্যয় করার আহ্বান জানানো হয়েছে। খবর গ্লোবাল নিউজের।
বছরের পর বছর ধরে প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় যে, ড্যাগ ফোর্ডের প্রগতিশীল রক্ষণশীল দল ক্ষমতা গ্রহণের পর থেকে স্কুলসমূহে সহিংসতার মাত্রা ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সহিংসতার মাত্রা ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেখা গেছে শুধুমাত্র ২০২৩-২৪ বছরেই ৪,৪০০ টিরও বেশি সহিংস ঘটনা ঘটেছে স্কুলগুলোতে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের পর থেকে প্রতি বছরই সহিংস ঘটনার হার বেড়েছে। তবে কোভিড-১৯ মহামারীর সময়টুকু বাদে। কারণ ঐ সময় স্কুল গুলি বন্ধ ছিল।
গ্লোবাল নিউজ এই তথ্য সংগ্রহ করেছে ‘তথ্য স্বাধীনতা আইন’ ব্যবহার করে। আর এই তথ্য প্রকাশ হওয়ার পর সরকারকে ক্রমবর্ধমান এই “সঙ্কট” মোকাবেলার জন্য নতুন করে আহ্বান জানিয়েছে স্কুলের শিক্ষক এবং বিরোধী রাজনীতিবিদগণ।
“শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষকরা কিছুদিন ধরে বলে আসছেন যে – স্কুলের শ্রেণীকক্ষে সহিংসতার একটি উল্লেখযোগ্য সংকট রয়েছে এবং সময়ের সাথে সাথে সহিংসতা আরও খারাপ হচ্ছে।” গ্লোবাল নিউজের প্রাপ্ত তথ্য এখন সেটা প্রমাণ করলো। এ কথা বলেন প্রধান বিরোধী দল এনডিপি’র এমপিপি চন্দ্র পাসমা।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ও স্বীকার করেছে যে সহিংসতার সংখ্যাটি বাড়ছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, “আমাদের স্কুল এবং কমিউনিটিসমূহে ক্রমবর্ধমান সহিংসতা মোকাবেলায় সরকার তহবিল বৃদ্ধি করেছে যা অন্টারিওর ইতিহাসে সর্বোচ্চ। এই সুরক্ষা উদ্যোগের মধ্যে রয়েছে মনোবিজ্ঞানী, সমাজকর্মী, শিশু/যুবকর্মী এবং শিক্ষা সহকারী নিয়োগের জন্য আরও তহবিল বরাদ্দ, যাতে শিক্ষার্থীদের জন্য সরাসরি পরিষেবা বৃদ্ধি করা যায়,”
গত বছর ৪,৪০০ টিরও বেশি সহিংসতার ঘটনা ঘটেছে
গত সাত বছরে অন্টারিওর স্কুল বোর্ড কর্তৃক সরকারকে রিপোর্ট করা সমস্ত সহিংসতার ঘটনার সারসংক্ষেপে দেখা যায় যে, মহামারীর পর থেকে এই ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
২০১৮-১৯ শিক্ষাবর্ষে অন্টারিও প্রভিন্সের স্কুলগুলি ২,৪৯৯টি সহিংসতার ঘটনার রিপোর্ট করেছিল। পরের বছর, তা বেড়ে ৩,২৩৭টিতে পৌঁছেছে।
মহামারী চলাকালিন (২০২০-২১) স্কুলগুলিতে সহিংসতার ঘটনা ঘটেছে মাত্র ৯৯৩টি। কিন্তু পরের বছরই তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২,৮৬৬টিতে যখন মহামারী পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে এবং স্কুলগুলি স্বাভাবিক রুটিনে ফিরে আসে। সহিংসতার এই ঘটনা পরবর্তী বছরে অর্থাৎ ২০২২-২৩ সালে আরো বৃদ্ধি পায় এবং ৪,৪১৪টিতে পৌঁছেছে। তবে গত বছর বোর্ডের কর্মকর্তারা সামান্য বৃদ্ধি দেখেছেন, যার মোট সংখ্যা ছিল ৪,৪২৪টি।
পিল ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড (মিসিসাগা, ব্র্যাম্পটন এবং ক্যালেডন) ২০২৩-২৪ বছরে সর্বোচ্চ সংখ্যক সহিংস ঘটনার রিপোর্ট করেছে যার সংখ্যা ছিল ৪৩১টি। এই বোর্ডের অধিনে এটি আগের বছরের তুলনায় অনেকটা কম। ঐ বছর পিল এলাকায় অবস্থিত স্কুলগুলিতে ৭১৭টি সহিংসতার ঘটনা ছিল গোটা প্রভিন্সে রিপোর্ট করা সহিংস ঘটনার ১৬ শতাংশ।
দেশের বৃহত্তম টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড এর আওতাধীন স্কুলসমূহে ২০২৩-২৪ সালে ৪১০টি সহিংসতার ঘটনা ঘটেছে যা সংখ্যার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে।
অন্টারিও সেকেন্ডারি স্কুল টিচার্স ফেডারেশনের সভাপতি মার্থা হ্রাডোয়ি গ্লোবাল নিউজকে বলেন, ‘শ্রেণীকক্ষে যারা কাজ করছেন তারা অনেকদিন ধরেই সহিংসতার এই বৃদ্ধি লক্ষ্য করছেন।’
তিনি আরো বলেন, “আমাদের টিচার্স ফেডারেশনের সদস্যরা আমাদের জানাচ্ছেন, স্কুলসমূহে শিক্ষকদের প্রতি, শিক্ষাকর্মীদের প্রতি শ্রদ্ধার মাত্রা গত কয়েক বছর ধরে ক্রমাগত হ্রাস পাচ্ছে।”
গত বছর, সদস্যদের উপর পরিচালিত অন্টারিও সেকেন্ডারি স্কুল টিচার্স ফেডারেশনের এর একটি জরিপও একই সিদ্ধান্তে পৌঁছেছিল। ঐ জরিপে দেখা গেছে যে শিক্ষক এবং অন্যান্য স্টাফরা সহিংস আক্রমণের শিকার হচ্ছেন যার মধ্যে আছে কামড়, শারীরিক আঘাতসহ লাথি মারার মতো ঘটনা। শিক্ষার্থীরা স্কুলের বিভিন্ন আসবাবপত্রও ব্যবহার করে এই সমস্ত সহিংস আক্রমণ পরিচালনা করার জন্য।
সহিংসতা মোকাবেলায় তহবিল বৃদ্ধির আহ্বান
বিরোধী দল এনডিপি’র এমপিপি চন্দ্র পাসমা বলেন, “আমাদের স্কুলগুলিতে মানসিক স্বাস্থ্য সংকট রয়েছে, কিন্তু আমাদের পর্যাপ্ত মানসিক স্বাস্থ্য পেশাদার নেই, তাই বাচ্চারা সাহায্য চাইলেও অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় ধরে। তারা কোনও সাহায্য পাচ্ছে না। অনেক ক্ষেত্রে অপেক্ষা করতে হচ্ছে পরবর্তী স্কুল বছর পর্যন্ত।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় পরামর্শ দিয়েছে যে শ্রেণীকক্ষে পুলিশের ভূমিকা বৃদ্ধির একটি পরিকল্পিত পদক্ষেপ সহিংসতা বন্ধে সাহায্য করতে পারে।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “২০১৭ সাল থেকে প্রভিন্স জুড়ে অনেক স্কুল বোর্ডের স্কুল রিসোর্স অফিসার প্রোগ্রাম বন্ধ করার অদূরদর্শী সিদ্ধান্তের কারণেও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এই কারণেই আমাদের সরকার এমন ব্যবস্থা চালু করেছে যার ফলে স্কুল বোর্ডগুলিকে পুলিশ পরিষেবাগুলির সাথে কাজ করে স্কুল রিসোর্স অফিসার এবং যুব সম্পৃক্ততা কর্মসূচি তৈরি করতে হবে যা স্কুলগুলিকে নিরাপদ করার পাশাপাশি শিক্ষার্থীদের এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে।”
