র‍্যাঙ্কিংয়ে নেইকোহলি-রোহিতেরনাম, আইসিসি ভুল করে এমনটা করেছে?

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২০ আগস্ট ২০২৫ : বিরাট কোহলিকে এই প্রজন্মের সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়। তিনি আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবেও পরিচিত। দুর্দান্ত টেকনিক, আগ্রাসী মানসিকতা ও ফিটনেসের জন্য বিখ্যাত কোহলি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই সমানভাবে সফল। তার নেতৃত্বে ভারত বহু ঐতিহাসিক সিরিজ জয় করেছে।

র‍্যাঙ্কিংয়ে নেই কোহলি-রোহিতের নাম। ছবি: ফেসবুক

অন্যদিকে রোহিত শর্মা তার প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওপেনিং ব্যাটসম্যানদের একজন হিসেবে বিবেচিত। তিনি তার সময়, কমনীয়তা, ছয় মারার ক্ষমতা এবং নেতৃত্বের দক্ষতার জন্য পরিচিত।

তবে ভারতের ইংল্যান্ড সফর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল ওয়ানডে থেকেও অবসর নিতে পারেন বিরাট কোহলি-রোহিত শর্মা। আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কোনো কিছু না জানা গেলেও, এবার সেই গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে আইসিসি। ইন্ডিপেন্টেন্ট টিভি জানায়,  ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আজ ওয়ানডে ক্রিকেটের ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিং আপডেট করেছে। যেখানে নাম নেই কোহলি-রোহিতের। অথচ সর্বশেষ র‍্যাঙ্কিংয়েও দুইয়ে ছিলেন রোহিত, চারে কোহলি।

এক বছর টানা না খেললে বা অবসর নিলেই আইসিসি ক্রিকেটারদের নাম র‍্যাঙ্কিং থেকে সরিয়ে ফেলে। তবে এখন পর্যন্ত কোহলি-রোহিত ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেননি। তাহলে কীভাবে সরে গেল তাঁদের নাম?

আইসিসির নিয়ম বলছে, একজন ক্রিকেটার ৯-১২ মাস ক্রিকেটের মধ্যে না থাকলে আইসিসি র‍্যাঙ্কিং থেকে তার নাম সরে যেতে পারে। তবে এই নিয়মের ক্ষেত্রেও কোহলি-রোহিতের নাম সরানো সম্ভব না। 

ইন্ডিপেন্টেন্ট টিভি আরো জানায়,  চলতি বছরের ৯ মার্চ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দুজনেই খেলেছেন। ৫ মাস ধরে ক্রিকেট না থাকলেও আইসিসির নিয়ম বলছে র‍্যাঙ্কিংয়ে ক্রিকেটার নাম থাকবে। 

আইসিসির এমন র‍্যাঙ্কিং আপডেটের ফলে সমর্থকদের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, আইসিসি ভুল করে এমনটা করেছে। আবার অনেকে বলছেন, অনেকটা নীরবেই দুজন অবসর নিয়ে নিয়েছেন বিসিসিআইয়ের চাপে।