রহস্যময় ধূমকেতুটি ভিনগ্রহী প্রযুক্তি?

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ০১ আগস্ট ২০২৫ : ৩আই/অ্যাটলাস নামে পরিচিত একটি মহাজাগতিক বস্তু গত জুলাই মাসে শনাক্ত হয় চিলির ডিপ র‌্যান্ডম সার্ভে টেলিস্কোপে। এটি আকারে প্রায় নিউইয়র্কের ম্যানহাটন দ্বীপের সমান। ধারণা করা হচ্ছে এটি সৌরজগতের বাইরের অঞ্চল থেকে এসেছে। এবং সম্ভবত এটি ভিনগ্রহী প্রযুক্তি!

ধুমকেতু। ছবি: সংগৃহীত

কয়েক সপ্তাহ ধরে ভিন্ন নক্ষত্র থেকে আসা রহস্যময় এই ধূমকেতু আমাদের সৌরজগৎ ভ্রমণ করছে। বিজ্ঞানীদের তথ্যমতে ধূমকেতুটি প্রতি সেকেন্ডে ৩৭ মাইল গতিতে ভ্রমণ করছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক অ্যাভি লোয়েব এর মতে, বস্তুটি প্রাকৃতিক না হয়ে কৃত্রিমভাবে তৈরি হতে পারে। এটি ভিনগ্রহী প্রযুক্তির ফলও হতে পারে। তিনি ধারণা করছেন, এই বস্তুটি কোনো বিশেষ উদ্দেশ্যে তৈরি হতে পারে। সম্ভবত পর্যবেক্ষণ বা অন্য কোনো মিশনের জন্য।

অধ্যাপক লোয়েব আরো জানিয়েছেন, সাধারণ ধূমকেতুর ক্ষেত্রে পেছনে লেজ বা ধোঁয়ার রেখা দেখা যায়। কিন্তু ৩আই/অ্যাটলাসের ক্ষেত্রে আলো পিছনে নয়, বরং সামনের দিকে ছড়াচ্ছে—যা আগে কখনো দেখা যায়নি। আশ্চর্যের বিষয়, এই আলোর পেছনে কোনো গ্যাসীয় উপাদানের প্রমাণ মেলেনি। বিজ্ঞানীদের ধারণা, এই ধূমকেতুতে বরফ থাকতে পারে। ধারণা করা হচ্ছে এটি সম্ভবত আমাদের দেখা সবচেয়ে প্রাচীন ধূমকেতু।

তবে নাসা জানিয়েছে, এটি পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না।

সূত্র : এনডিটিভি