মহাকাশে ক্ষুদ্র এক নক্ষত্রকে ঘিরে বিশাল এক গ্রহ

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১২ আগস্ট, ২০২৫: মহাকাশে ক্ষুদ্র এক নক্ষত্রের পাশে অবস্থান করছে বিশাল এ গ্রহ। যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি এটি আবিস্কার করেছেন এবং এই আবিস্কারের মাধ্যমে তারা রীতিমত হতবাক। কারণ এই অদ্ভুত যুগল মহাবিশ্বের গ্রহ গঠনের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আগে ধারণা করা হতো, এমন ক্ষুদ্র ও দুর্বল নক্ষত্রগুলো বড় আকারের গ্রহ গঠনের জন্য উপযুক্ত পরিবেশ দিতে পারে না।

‘টিওআই-৬৮৯বি’ নামের এই গ্রহটি যে বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, সেটির ভর সূর্যের মাত্র এক-পঞ্চমাংশ। এ নক্ষত্রের উজ্জ্বলতা কম হলেও গ্রহটি আকারে আমাদের সৌরমন্ডলের শনি গ্রহের চেয়ে বড়। এটি মাত্র তিন দিনের কিছু বেশি সময়ে নিজের নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করে।

গবেষণার সহলেখক ও যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের ড্যানিয়েল বেইলিস বলেন, এমন ক্ষুদ্র নক্ষত্রের একটি বিশাল গ্রহ থাকার অর্থ হলো—আমাদের ছায়াপথে এই ধরনের দৈত্যগ্রহের সংখ্যা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি হতে পারে।

টিওআই-৬৮৯বি নামের গ্রহটি তার নক্ষত্র থেকে যথেষ্ট দূরে থেকে প্রদক্ষিণ করছে। এর বায়ুমণ্ডল তুলনামূলকভাবে শীতল এবং সেখানকার তাপমাত্রা প্রায় ১৪৭ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র : এফপি/টাইমস অব ইন্ডিয়া