বিসিবির নির্বাচন জিতলে যেসব পরিবর্তন আনতে চান তামিম

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ৩১ আগস্ট ২০২৫ : দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  প্রশাসনে যুক্ত হতে পারেন তামিম ইকবাল। এবার সেই গুঞ্জনকে বাস্তব রূপ দিলেন তিনি।  বিসিবি’র আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বিসিবি’র আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তামিম। ছবি: ফেসবুক

দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে তামিম বলেন, আমি এবার পরিচালক পদে নির্বাচন করছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসতে হবে। আমার বিশ্বাস – যদি আমি বোর্ডে আসি তবে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। তবে এখনই বলা বোকামি হবে যে আমি সভাপতি হতে চাই। যদি দেখি পর্যাপ্ত সমর্থন আছে, তখন বিবেচনা করবো।’ 

উল্লেখ্য, বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। গঠনতন্ত্র অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে।

চ্যানেল ২৪ জানায়, নির্বাচনে জিততে পারলে দুই–তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চান তামিম। সবচেয়ে বড় ফোকাস থাকবে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর। জাতীয় দলের সাবেক এই ওপেনার বলেন,‘আমার ফোকাস থাকা উচিত দুটি-তিনটি বিষয়ের ওপর। এখন সবচেয়ে জরুরি হলো বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়ানো। খেলোয়াড়, কোচ সবই আছে। কিন্তু নতুন খেলোয়াড় তৈরি করার মতো অবকাঠামো নেই। বর্তমান খেলোয়াড়দের উন্নতিরও যথাযথ জায়গা নেই।’