কৃত্রিম বুদ্ধিমত্তার স্টেথোস্কোপ আবিস্কার: কয়েক সেকেন্ডেই শনাক্ত করতে পারবে হৃদরোগ
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ৩১ আগস্ট ২০২৫: অতি দ্রুত হৃদরোগ শনাক্ত করার জন্য ব্রিটিশ গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একটি নতুন স্টেথোস্কোপ আবিষ্কার করেছেন। তাদের দাবি, এই অত্যাধুনিক প্রযুক্তি দ্রুত রোগ নির্ণয়ে সহায়তা করে অনেক রোগীর জীবন বাঁচাতে পারবে।

ইম্পেরিয়াল কলেজ লন্ডন ও ইম্পেরিয়াল কলেজ হেলথ কেয়ার এনএইচএস ট্রাস্টের এক গবেষণায় দেখা গেছে, এই নতুন স্টেথোস্কোপ ব্যবহার করে হার্ট ফেইলিউর, হৃৎপিণ্ডের ভালভের রোগ এবং অনিয়মিত হৃৎস্পন্দন দ্রুত শনাক্ত করা সম্ভব। গবেষকরা বলছেন, ডিভাইসটি ‘সত্যিকারের এক যুগান্তকারী উদ্ভাবন। সম্ভাব্য হার্ট ফেইলিউরের আগের এক বছরের মধ্যে ঝুঁকি ধরতে পারার সম্ভাবনা এই নতুন স্টেথোস্কোপে দুই দশমিক ৩৩ গুণ বেশি।
গবেষণায় ১২ হাজারেরও বেশি রোগীর ওপর নতুন এই স্টেথোস্কোপটি ব্যবহার করা হয়েছে। দেখা গেছে, এটি ব্যবহারে হার্ট ফেইলিউর শনাক্ত হওয়ার সম্ভাবনা ২.৩৩ গুণ বেশি। অনিয়মিত হৃৎস্পন্দন শনাক্তের সম্ভাবনা ৩.৫ গুণ বেশি এবং হার্ট ভালভের রোগ শনাক্ত হওয়ার সম্ভাবনা ১.৯ গুণ বেশি।
এই গবেষণার ফলাফল স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির বার্ষিক সম্মেলনে উপস্থাপন করা হয়েছে। বর্তমানে এআই স্টেথোস্কোপটি দক্ষিণ লন্ডন, সাসেক্স এবং ওয়েলসের কিছু সাধারণ চিকিৎসকের চেম্বারে চালু করার পরিকল্পনা রয়েছে।
সূত্র: বিবিসি।
