মিসিসাগা কানাডার সবচেয়ে সুখী শহর
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৬ জুলাই ২০২৫: টরন্টোর নিকটবর্তী মিসিসাগা শহর কানাডার ১০টি বৃহত্তম শহরের মধ্যে সবচেয়ে সুখী স্থান পেয়েছে। গত সপ্তাহে Leger Happiness Index এর একটি গবেষণায় দেশের শীর্ষ সুখী শহর এবং প্রদেশগুলির একটি তালিকা প্রকাশিত হয়েছে, যার মধ্যে কুইবেককে দেশের সবচেয়ে সুখী প্রদেশ এবং মিসিসাগাকে সবচেয়ে সুখী শহর হিসেবে স্থান দেওয়া হয়েছে। খবর নাউ.কম এর।

কানাডার ১০টি বৃহত্তম শহরের মধ্যে মিসিসাগা ৭০.৩ পয়েন্ট পেয়ে সর্বোচ্চ স্থান অধিকার করেছে যা জাতীয় গড়ের চেয়ে প্রায় দুই পয়েন্ট বেশি।
হ্যামিল্টন এবং ব্রাম্পটনও তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে। এই দুই শহরের প্রাপ্ত পয়েন্ট যথাক্রমে ৬৭.৫ এবং ৬৬.৭।
কিন্তু টরন্টো ৬৫.৮ পয়েন্ট পেয়ে তালিকার শেষ স্থান দখল করেছে যা জাতীয় গড়ের প্রায় তিন পয়েন্ট কম ।
অন্যদিকে কানাডার প্রদেশগুলির মধ্যে, কুইবেক ৭২.৪ পয়েন্ট পেয়ে সুখের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে। তারপরের অবস্থানে আছে নিউ ব্রান্সউইক (৭০.২ পয়েন্ট) এবং নিউফাউন্ডল্যান্ড এ্যান্ড ল্যাব্রাডর (৬৯.৫ পয়েন্ট)।
আর অন্টারিও ৬৭.২ পয়েন্ট পেয়ে সুখীর তালিকায় তৃতীয় সর্বনিম্ন অবস্থান লাভ করেছে। ম্যানিটোবা পেয়েছে ৬৬.৭ পয়েন্ট এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড ৬৬.৫ পয়েন্ট।
১৮ বছর বা তার বেশি বয়সী ৩৯,৮৪১ জন কানাডিয়ানের উপর জরিপ চালিয়ে দেখা গেছে যে দেশটিতে সুখের হার তুলনামূলকভাবে বেশি। গড়ে ১০০ জনের মধ্যে ৬৮.৭ শতাংশ সুখী। ৪৯ শতাংশ উত্তরদাতা বলেছেন যে তাদের সুখ গত বছরের তুলনায় একই রয়ে গেছে। ২৮ শতাংশ বলেছেন যে সুখ কমেছে এবং ২৯ শতাংশ বলেছেন বৃদ্ধি পেয়েছে।
জরিপ প্রতিষ্ঠান লেগারের মতে, এই সংখ্যাগুলি স্থিতিশীল এবং মহামারীর আগের তুলনায় কিছুটা কম, যা প্রতিফলিত করে যে বাসিন্দারা দৈনন্দিন চ্যালেঞ্জ এবং অনিশ্চয়তার দ্বারা প্রভাবিত হয়েছে, কিন্তু তারা এখনও স্থিতিস্থাপক।
