টরন্টোর এপার্টমেন্টগুলো বসবাসের জন্য ভাল না মন্দ তা চিহ্নিত করার জন্য কালার কোড সাইন স্থাপন করা হবে ভবনের গায়ে

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৮ জুলাই ২০২৫: টরন্টো সিটি কাউন্সিল আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনের জন্য একটি কালার-কোডেড সিস্টেম প্রতিষ্ঠার পক্ষে ভোট দিয়েছে এই আশায় যে এটি বাড়িওয়ালাদেরকে জবাবদিহির আওতায় আনবে এবং তাদের ভবন পরিষ্কার, নিরাপদ এবং সু-রক্ষণাবেক্ষণে রাখতে বাধ্য করবে।  খবর সিটিভির।

কাউন্সিলর জশ ম্যাটলোর উত্থাপিত প্রস্তাবে সিস্টেমটিকে শহরের RentSafeTO প্রোগ্রামের সাথে একীভূত করা হবে, যা নিশ্চিত করবে যে ভবন মালিক এবং অপারেটররা রক্ষণাবেক্ষণের মান পূরণ করবে। 

ছবিতে অ্যাপার্টমেন্ট ভবনের জন্য RentSafe রঙিন কোডেড সাইনবোর্ডের একটি উদাহরণ দেখানো হয়েছে। ছবি : জোশম্যাটলো.সিএ

কালার-কোডেড সিস্টেমটি শহরের DineSafe প্রোগ্রামের অনুকরণে তৈরি এবং ভবনের প্রবেশপথের কাছে সবুজ, হলুদ বা লাল সাইনবোর্ড টাঙানো থাকবে।

লাল রঙ গুরুতর স্বাস্থ্য ও নিরাপত্তা লঙ্ঘনের জন্য, হলুদ রঙ ছোটখাটো লঙ্ঘনের জন্য এবং সবুজ রঙ ভবনটি ভালো অবস্থায় আছে বলে বোঝাবে।

“আগামী বছর বৃহৎ আবাসিক ভবনগুলিতে এই জাতীয় কিছু সাইনবোর্ড দেখা যাবে, যেখানে, যদি কোনও বাড়িওয়ালা ভাল কাজ করেন এবং তারা তাদের ভাড়াটেদের মঙ্গলের কথা চিন্তা করেন, তাহলে তারা একটি সবুজ সাইনবোর্ড পাবেন। এটা দারুণ হবে। সবুজ রঙ বলে দিবে তারা ভাল কাজ করছে। জশ ম্যাটলো এ কথা বলেন।

“কিন্তু আপনি যদি এমন একজন বাড়িওয়ালা হন যিনি ভাড়াটেদের কেবল আয়ের উৎস হিসেবে দেখেন, বাড়ি যে সুস্থ এবং নিরাপদ হওয়া উচিত সেদিকে নজর না দেন তবে আপনার জন্য একটি লাল চিহ্ন থাকবে।”

তিনি আরও বলেন, যদি বাড়িওয়ালা প্রয়োজনীয় মেরামতের কাজ না করেন, তাহলে সিটি কর্তৃপক্ষ এসে সে কাজগুলো করবে এবং পরে বাড়িওয়ালার কাছ থেকে খরচের অর্থ আদায় করবে।

২০২০ সালে প্রাক্তন মেয়র জন টোরির অধীনে একই ধরণের একটি প্রস্তাব ব্যর্থ হয়েছিল কারণ বাড়িওয়ালারা তখন দাবি করেছিলেন যে এই কালার কোড বা চিহ্নগুলি ভাড়াটেদের উপর কালিমা লেপন করা করবে। কিন্তু ম্যাটলো এবং অন্যান্য কাউন্সিলররা যুক্তি দিয়েছিলেন যে এই ব্যবস্থা ভাড়াটে এবং সম্ভাব্য ভাড়াটেদের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।

খারাপ বাড়িওয়ালাদের ভবনে ইঁদুর আছে, ছারপোকা আছে, এমন যন্ত্রপাতি আছে যা কাজ করছে না।  টরন্টোর সবচেয়ে খারাপ এই বাড়িওয়ালারা বছরের পর বছর ধরে মোল্ড-ও পরিষ্কার করছে না। ” এ কথা বলেন কাউন্সিলর ম্যাটলো ।