কানাডায় যে সংখ্যক অভিবাসী আসছেন তার চেয়ে বেশী সংখ্যক লোকের এ দেশ ছেড়ে চলে যাওয়া দরকার : কনজারভেটিভ নেতা পলিয়েভ
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৫ জুলাই ২০২৫: কনজার্ভেটিভ পার্টির নেতা পিয়েরে পোইলিয়েভ বলেছেন কানাডায় যে সংখ্যক লোক আসছেন তার চেয়ে বেশী সংখ্যক লোকের চলে যাওয়া দরকার এখান থেকে। অন্তত আগামী কয়েক বছরের জন্য। খবর গ্লোবাল নিউজের।
পোইলিয়েভ আরো বলেন, সমস্যা সমাধানের জন্য আমাদের অভিবাসন স্তরের উপর খুব কঠোর সীমা আরোপ করতে হবে। হাউস অফ কমন্সের প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তার মতে কানাডার জনসংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং তিনি লিবারেল সরকারের প্রতি অভিবাসন সংখ্যা আরও কমানোর আহ্বান জানান।
উল্লেখ্য যে, পইলিয়েভ এর আগেও বলেছেন, “লিবারেলরা আমাদের ব্যবস্থার যে ক্ষতি করেছে তা পূরণ করার জন্য আমরা জনসংখ্যা বৃদ্ধির উপর কঠোর সীমা আরোপ চাই। জনসংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আমাদের সীমান্ত খোলা রাখা হয়েছে। এর ফলে মাদকের অবাধ প্রবাহ, অবৈধ অভিবাসন, মানব পাচার ইত্যাদি বৃদ্ধি পেয়ে পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে।”

পোইলিয়েভের মতে, অভিবাসন স্তরের উপর খুব কঠোর সীমা আরোপের পদক্ষেপ নেওয়া হলে আবাসন, স্বাস্থ্যসেবা এবং চাকরি “বৃদ্ধি পেতে” পারে। তবে কি ভাবে আরো বেশি সংখ্যক লোক দেশ ছেড়ে চলে যাবেন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।
পোইলিয়েভ আরও বলেন, “আমরা লিবারালদের সময়কালে কানাডায় জনসংখ্যা বৃদ্ধি হতে দেখেছি বছরে প্রায় এক মিলিয়ন। অথচ আমরা মাত্র ২00,000 বাড়ি তৈরি করেছি। আমাদের কাজের বাজার পরিস্থিতি স্থবির হয়ে আছে কিন্তু তবুও আমরা আরও বেশি লোককে কানাডা আসার সুযোগ করে দিচ্ছি স্থানীয় শ্রম বাজারে যোগ দেওয়ার জন্য।
“আমাদের তরুণরা প্রজন্মের পর প্রজন্ম ধরে বেকারত্বের উচ্চ হারের মুখোমুখি হচ্ছে কারণ জব মার্কেটে বহুজাতিক কর্পোরেশনগুলি কম বেতনের অস্থায়ী বিদেশী কর্মীদের চাকরি দিচ্ছে।”
কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন (সিএমএইচসি) এর বরাত দিয়ে গ্লোবাল নিউজ জানায়, বর্তমানে আবাসন ক্রয়ক্ষমতা পুনরুদ্ধারের জন্য বার্ষিক ৪,৩০,০০০ থেকে ৪,৮০,০০০ টি নতুন আবাসন ইউনিটের প্রয়োজন।
স্ট্যাটিস্টিকস কানাডার সর্বশেষ তথ্য অনুসারে, গত মাসে কানাডার বেকারত্বের হার ০.১ শতাংশ কমে ৬.৯ শতাংশে দাঁড়িয়েছে, তবে যুব বেকারত্বের হার ১৪.২ শতাংশে স্থিতিশীল রয়েছে এবং মহামারী-পূর্ব স্তরের অনেক উপরে রয়েছে।
উল্লেখ্য যে, ২০২১-২০২৪ সালের মধ্যে কানাডায় অভিবাসনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুসারে, ২০২১-২০২২ সালে প্রায় ৫,০০,০০০ অভিবাসী কানাডায় এসেছিলেন, কিন্তু পরবর্তী বছরগুলিতে তা কিছুটা কমেছে। অভিবাসনের এই হ্রাস জাস্টিন ট্রুডো সরকারের অভিবাসনের উপর নীতিমালার সাথে মিলে যায় যেখানে তারা কানাডায় অস্থায়ী বাসিন্দাদের আসার সংখ্যা সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছিল।
এদিকে স্ট্যাটিস্টিকস কানাডার আরেক তথ্যে দেখা যাচ্ছে, ২০২৪ সালে কানাডায় দেশ ত্যাগীদের হার অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। ১৯৬৭ সালের পর থেকে যে কোনও বছরের তুলনায় ২০২৪ সালে সবচেয়ে বেশি অধিবাসী কানাডা ছেড়েছেন। ২০২৪ সালে কানাডা ত্যাগ করেছেন ১০৬,১৩৪ জন, যা ২০২৩ সালের তুলনায় ৩% বৃদ্ধি এবং এই দেশ ত্যাগীদের সংখ্যা গত প্রায় ছয় দশকের মধ্যে সর্বোচ্চ।
