টিডি ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়ায় প্রথমবারের মত বাংলাদেশ প্যাভিলিয়ন

জুলাই ২২, ২০২৫ : টরন্টোতে উত্তর আমেরিকার সর্ববৃহৎ দুই দিনের টিডি ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া অনুষ্ঠিত হয়ে গেল গত ১৯ এবং ২০ জুলাই। টরন্টোর জেরার্ড ইন্ডিয়া বাজারে অনুষ্ঠিত ২৩তম এই বার্ষিক ফেস্টিভ্যালে প্রায় আড়াই লক্ষ লোকের সমাগম হয়।  

দুইদিন ব্যাপী ফেস্টিভ্যালে তিনটি ভিন্ন মঞ্চে ২০০ টিরও বেশি পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে মানুষ দক্ষিণ এশীয় সঙ্গীত, নৃত্য, খাবার, শিল্প, ফ্যাশন এবং সংস্কৃতি উপভোগ করে।

ফেস্টিভ্যালটির আয়োজক ছিল ‘জেরার্ড ইন্ডিয়া বাজার বিআইএ’। আর প্রথমবারের মতো ‘বাংলা ইভেন্টস জিটিএ’র উদ্যোগে এই উৎসবে “হৃদয়ে বাংলাদেশ” নামে একটি বিশেষ বাংলাদেশ প্যাভিলিয়ন যুক্ত করা হয়েছিল। প্যাভিলিয়নটি বাংলাদেশী-কানাডিয়ান সম্প্রদায়ের সংস্কৃতি এবং সৃজনশীলতা তুলে ধরে এবং দ্রুতই উৎসবের সবচেয়ে প্রিয় অংশগুলির মধ্যে একটি হয়ে ওঠে।

প্যাভিলিয়নের নিজস্ব পরিবেশনা মঞ্চ ছিল যেখানে পুরো দুই দিন ধরে সরাসরি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিশু, যুবক এবং প্রাপ্তবয়স্ক সকল বয়সের শিল্পীরা এতে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে ছিল সুন্দর একক পরিবেশনা, দলগত নৃত্য এবং প্রাণবন্ত ব্যান্ড সঙ্গীতের পরিবশেনা। মঞ্চে ঐতিহ্যবাহী এবং আধুনিক বাংলা পরিবেশনার এক বিস্তৃত মিশ্রণ ঘটে যা দর্শকদের মন আনন্দে ভরিয়ে দেয়।

বাংলাদেশ প্যাভিলিয়নে অনন্য অনেক আকর্ষণও ছিল। অতিথিরা খাঁটি বাংলাদেশি খাবারের স্বাদ গ্রহণ করেন, হস্তনির্মিত কারুশিল্প এবং নানান নকশার মোমবাতির প্রদর্শনী দেখেন। প্রদর্শনীতে আরো ছিল বাংলা বই এবং স্থানীয়ভাবে তৈরি সুগন্ধির সমহার।

একটি বিশেষ প্রদর্শনীতে প্রদর্শিত হয় সুন্দর নকশা করা এবং গল্প সম্বলিত ঐতিহ্যবাহী নকশী কাঁথা।

ফেস্টিভ্যালে দর্শনার্থীরা একটি আসল রিকশায় বসে ছবি তোলা উপভোগ করেন। এর পাশাপাশি ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী পালকির প্রদর্শনী যা অনেককেই বাংলাদেশের বিয়ের রীতিনীতির কথা মনে করিয়ে দেয়।

বাংলাদেশ প্যাভিলিয়নে শিশুদের জন্যও আয়োজন করা হয়েছিল মজাদার সব কার্যকলাপের যার মধ্যে ছিল রঙিন পেন্সিল নিয়ে ছবি আঁকা, বিনামূল্যে তাদের মুখে ছবি আঁকা এবং বেলুন প্রাণীদের নিয়ে খেলা।

বাংলাদেশ প্যাভিলিয়নটি ছিল হাসি আর আনন্দে ভরপুর। আর ছিল ভাগাভাগি করা স্মৃতিতে পরিপূর্ণ। এটি পরিবার এবং বন্ধুবান্ধব থেকে শুরু করে উৎসুক উৎসবপ্রেমী সকলের জন্য বাংলাদেশের এক প্রকৃত স্বাদ প্রদান করেছিল।

‘বাংলা ইভেন্টস জিটিএ’ একটি সাংস্কৃতিক দল যা গ্রেটার টরন্টো এরিয়া জুড়ে বাংলা উৎসব, কনসার্ট, চলচ্চিত্র এবং কমিউনিটির অনুষ্ঠান আয়োজন এবং প্রচার করে থাকে। এর লক্ষ্য হল মানুষকে একত্রিত করা এবং আনন্দময়, সৃজনশীল এবং অর্থপূর্ণ উপায়ে বাংলা সংস্কৃতি উদযাপন করা। -সংবাদ বিজ্ঞপ্তি