কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি চালালো বন্দুকধারীরা

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১০ জুলাই, ২০২৫: কপিল শর্মা কানাডার ভেঙ্গুভারে অবস্থিত সুরিতে একটি ক্যাফে খুলেছেন মাত্র সপ্তাহখানেক আগে। কিন্তু সপ্তাহ পার হতে না হতেই এই ক্যাফেটি শিকার হলো এক বন্দুক হামলার। তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি।

কপিল শর্মা’র ক্যাফের সামনে পুলিশ। ছবি : ইথান কেয়ার্নস/সিবিসি

সুরি’র স্থানীয় পুলিশ জানায় ক্যাফেটি লক্ষ্য করে বাইরে থেকে বেশ কয়েকটি গুলি চালানো হয়। গুলিতে জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। খবর সিবিসি নিউজের।

এদিকে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার জানায়, “সদ্য শুরু করা এই ক্যাফেটির সব কিছু দেখভাল করেন অভিনেতার স্ত্রী। নাম রাখা হয়েছে ‘ক্যাপ’স ক্যাফে’। ৯ জুলাই ভোরের দিকে সবে ক্যাফে খুলেছে। আর তখনই গাড়ি করে কয়েকজন বন্দুকধারী এসে বাইরে থেকে এলোপাথারি গুলি চালাতে থাকে ক্যাফেতে। এই ঘটনার দায় ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন হরজিৎ সিংহ লাড্ডি। তিনি খালিস্তানি জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িত।”

কিন্তু কী কারণে এই আক্রমণ? আনন্দবাজার তাদের রিপোর্টে উল্লেখ করে, হরজিৎ সিংহ লাড্ডি নাকি বলেছেন, ‘সাম্প্রতিক সময় বেশ কিছু বিষয়ে এমন কিছু মন্তব্য করেন কপিল যার কারণে এই হামলা। এটা শুধুই সাবধান বাণী। ’

উল্লেখ্য যে, গত বছরই বিশ্নোই গ্যাং বলিউড নায়ক সলমন খানের বাড়িতে গুলি চালিয়েছিল। তাঁর আগে গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার দায় নিয়েছে এই বিশ্নোই গ্যাং। এ বার নতুন এক দলের নজরে পড়লেন কপিল শর্মা। হরজিৎ সিং লাড্ডি বাব্বর খালসা ইন্টারন্যাশনাল গোষ্ঠী এর একজন সদস্য এবং এনআইএ-এর ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তিদের তালিকায় তাঁর নাম রয়েছে।

হরজিৎ সিং লাড্ডির বিরুদ্ধে আরও এক হত্যার অভিযোগ রয়েছে। তিনি গত বছর পাঞ্জাবে বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিকাশ প্রভাকর ওরফে বিকাশ বাগ্গা হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত। যদিও এই ঘটনায় কপিলের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি মেলেনি।